নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারাবো পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্বরোড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এলাকায় নাশকতা, জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন, তারাবো পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, যুবদল নেতা মামুন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
রাজনীতি