রাজনীতি

আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: তথ্য উপদেষ্টা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ০৭:৩৩
PostImage

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল


প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি জানান, দলটির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে আদালত এ বিষয়ে রায় প্রদান করবে।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মাঠে অবস্থান সম্পর্কে জানতে চাইলে ডা. জাহেদ বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থগিত রয়েছে। বিচার প্রক্রিয়া চলমান থাকায় দলটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

তিনি বলেন, “টেকনিক্যালি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সেটি আদালত নির্ধারণ করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। বর্তমানে দলটি বিচারাধীন অবস্থায় রয়েছে এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন বা মাঠে নামার চেষ্টা করে, তাহলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, অনেকেই প্রতীকী অবস্থান থেকে মাঠে রয়েছেন। তবে আওয়ামী লীগের পক্ষে বর্তমানে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা আইনগতভাবে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, অতীত কর্মকাণ্ডের কারণে দলটির জনসমর্থন ও নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। তার ভাষায়, জনগণের আস্থা পুনরুদ্ধার ছাড়া কোনো রাজনৈতিক শক্তির পক্ষে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা কঠিন।

ব্রিফিংয়ে তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারিত হবে।