বিনোদন

চার বছর পর আবার স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ০৩:৫৮
PostImage

চার বছর আগে দর্শক মাতানো আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ আবারও বড় পর্দায় ফিরেছে।


চার বছর আগে দর্শক মাতানো আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’ আবারও বড় পর্দায় ফিরেছে। শুক্রবার (২৬ জুন) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন শাখায় স্টার সিনেপ্লেক্সে পুনরায় প্রদর্শিত হচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি।


২০২২ সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল ‘হাওয়া’। মুক্তির আগেই হাশিম মাহমুদের লেখা এবং জনপ্রিয় হয়ে ওঠা ‘সাদা সাদা কালা কালা’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে। মুক্তির পর সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন—সবখানেই ছিল দর্শকদের দীর্ঘ লাইন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও উল্লেখযোগ্য ব্যবসা করে সিনেমাটি। ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজসহ একঝাঁক তারকা। গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের জন্য ছবিটি সমালোচক এবং দর্শক—উভয়েরই প্রশংসা কুড়িয়েছিল।

এদিকে, কোরবানির ঈদে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমনের নতুন চলচ্চিত্র ‘রইদ’ এখনও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। শুধু ‘হাওয়া’ নয়, একই দিনে স্টার সিনেপ্লেক্সে পুনরায় মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটিও। গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।