সারাদেশ

ভারী বৃষ্টিতে চট্টগ্রামে রেললাইন ডুবে পর্যটক এক্সপ্রেস আটকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২৬, ১২:৫৬
PostImage

টানা চার দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর জনজীবন।


টানা চার দিনের থেমে থেমে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর জনজীবন। গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে নগরের ষোলোশহর রেলস্টেশন ও জানালীহাট এলাকার মধ্যবর্তী রেললাইনে পানি জমে যাওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেনি।


মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন ছাড়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৪০ মিনিটে ষোলোশহর রেলস্টেশনের কাছে ট্রেনটি আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী ছিলেন। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁঞা বিকেল পৌনে ৬টার দিকে জানান, ষোলোশহর স্টেশন ও জানালীহাটের মাঝখানে রেললাইনের ওপর পানি জমার পাশাপাশি একটি গাছ ভেঙে পড়ে। পরে গাছটি সরিয়ে ফেলা হলেও রেললাইন থেকে পানি না নামায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চট্টগ্রাম রেলস্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করবে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত রেললাইনের পানি না নামায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। উল্লেখ্য, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।