আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

detaillogo
ডেস্ক নিউজ
০৯ জুলাই ২০২৬, ১৬:০১
PostImage

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ফের আইআরজিসির হামলার দাবি


মঙ্গলবারের পর বুধবার রাতেও কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে।

আইআরজিসি জানায়, পাল্টা অভিযানের প্রথম ধাপে তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।


বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা আবারও আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন ঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু হবে।


এর আগে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য আইআরজিসিকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এর জেরে মঙ্গলবার গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি অঞ্চলে প্রায় ৮০টি সামরিক স্থাপনায় হামলা চালায় বলে দাবি করা হয়। এর প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে প্রথম দফা পাল্টা হামলা চালানোর কথা জানায় আইআরজিসি।


এদিকে, বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। এর কিছু সময় পরই সেন্টকোম ইরানের বিভিন্ন স্থাপনায় দ্বিতীয় দফা হামলা চালায় বলে দাবি করা হয়। এর জবাব হিসেবেই কুয়েত ও বাহরাইনে দ্বিতীয় দফা হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।