মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে গত ছয় দিনে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিতে তলিয়ে গেছে ২৪২ কিলোমিটার সড়ক।
শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কক্সবাজারে ২৩ জন (এর মধ্যে ১৩ জন রোহিঙ্গা), রাঙামাটিতে ৩ জন এবং বান্দরবানে ৬ জন রয়েছেন। এছাড়া ৫ জন রোহিঙ্গাসহ মোট ৩৯ জন আহত হয়েছেন।
বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলায় মোট ৮ লাখ ৬২ হাজার ৬১৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।
দুর্গত মানুষের আশ্রয়ের জন্য ১ হাজার ৭২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে এসব কেন্দ্রে ৩৭ হাজার ৫৫ জন আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে চাল, নগদ অর্থ, শুকনো খাবার ও রান্না করা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এছাড়া বান্দরবানে ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, গ্রাউস ও সোনেসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় অতিরিক্ত ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে জেলার জন্য আরও ৬৮ টন চাল ও ১০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভাগীয় প্রশাসন জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।