সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দিন থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘলা থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ও আশপাশের এলাকায় একটানা নয়, বরং বিরতি দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা তুলনামূলক কম। এর আগে রোববার (১২ জুলাই) প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছিল, ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঢাকা বিভাগে। তবে রাতের দিকে বৃষ্টির তীব্রতা কমে আসে। রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৭টার পর আবারও বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়।
প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের অন্তত সাতটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।