নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নূরুনবী ভূঁইয়া। একইসঙ্গে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সাধারণ জনগণের উদ্যোগে নবনিযুক্ত প্রশাসকসহ মোট ১২ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর মো. নূরুনবী ভূঁইয়া রূপগঞ্জ ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করে বলেন, ইউনিয়ন পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন। পাশাপাশি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।