রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) রাতে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। জানা গেছে, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
তল্লাশির একপর্যায়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। পরে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে বোম ডিসপোজাল ইউনিট। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য কী—তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।