২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরাইলি সামরিক আগ্রাসনের ফলে অন্তত ৬০ হাজার ৭৩৭ জন শিশু তাদের বাবা অথবা মায়ের অন্তত একজনকে হারিয়ে এতিম হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই হৃদয়বিদারক তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, এতিম হওয়া শিশুদের মধ্যে ৫২ হাজার ৯৫ জন তাদের বাবাকে, ৫ হাজার ৯২৯ জন তাদের মাকে এবং ২ হাজার ৭১৩ জন বাবা-মা উভয়কেই হারিয়েছে। ফলে তারা সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ ও বিমান হামলায় ২ হাজার ২৭৬টি পরিবার, যাদের মোট সদস্য সংখ্যা ৮ হাজার ৮৫৮ জন, সম্পূর্ণভাবে নিহত হয়েছে। এতে এসব পরিবারের অস্তিত্ব সরকারি নাগরিক নিবন্ধন থেকেও মুছে গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও হামলা বন্ধ হয়নি। বরং চুক্তির পরও ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় আরও ১ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান এই সংঘাতের সবচেয়ে বড় মানবিক মূল্য দিচ্ছে শিশু ও সাধারণ বেসামরিক মানুষ। বিশেষ করে এতিম শিশুদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তাদের ভবিষ্যৎ, নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা।