বিনোদন

বাংলাদেশে হাউসফুল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, টিকিটের তুমুল চাহিদা

detaillogo
ডেস্ক নিউজ
৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯
PostImage

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশেও সিনেমাটি এক দিন আগেই মুক্তি পেয়েছে।


ইউরোপ ও আমেরিকায় আজ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশেও সিনেমাটি এক দিন আগেই মুক্তি পেয়েছে। গতকাল থেকেই দেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং যমুনা ব্লকবাস্টারে সিনেমাটি উপভোগ করছেন।


মুক্তির প্রথম দিনেই বাংলাদেশে সিনেমাটি ঘিরে দেখা গেছে ব্যাপক দর্শক আগ্রহ। স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে মোট ৬০টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি শো ছিল হাউসফুল। আগামী তিন দিনের অধিকাংশ টিকিটও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দেশের অন্যান্য সিনেপ্লেক্সেও একই ধরনের দর্শক উপস্থিতি লক্ষ্য করা গেছে।


২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরেছে জনপ্রিয় এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি। নতুন সিনেমার গল্পে দেখা যাবে, পুরো বিশ্ব এবং নিজের ঘনিষ্ঠ মানুষদের স্মৃতি থেকে পিটার পার্কার মুছে যাওয়ার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। নিজেকে পুরোপুরি স্পাইডার-ম্যান হিসেবে শহর রক্ষার দায়িত্বে নিয়োজিত করে। তবে এই দায়িত্বের মানসিক ও শারীরিক চাপ তার জীবনে এক নতুন সংকট তৈরি করে। এমন সময় নতুন এক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সে মুখোমুখি হয় জীবনের সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষের।

এবারও স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে রয়েছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো এবং জন বার্নথাল। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।