রাজনীতি

জুলাইয়ের চেতনা ভুলে গেছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৬, ১৫:৩৯
PostImage

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি এখন সেই আন্দোলনের চেতনাকেই ভুলে গেছে


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি এখন সেই আন্দোলনের চেতনাকেই ভুলে গেছে। শনিবার (১ আগস্ট) রাজধানীর মহাখালীতে ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলেনি। কিন্তু জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি সেই চেতনা ভুলে গেছে। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলেন, ‘এত জুলাই নিয়ে বক্তৃতার দরকার কী? অপ্রয়োজনীয় জুলাই বক্তৃতার প্রয়োজন নেই।’ অথচ এই জুলাই বিপ্লব না হলে তারা আজ মন্ত্রী-এমপি হতে পারতেন না।”


তিনি আরও বলেন, “জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গেছে, তারা আজ জুলাইয়ের চেতনাকে বিস্মৃত হতে বসেছে। জনগণ, মানবতা ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতা দেখা যাচ্ছে না। তারা এখন সংসদে দাঁড়িয়ে বলছে, সংস্কারের প্রয়োজন নেই।”


সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, “বিএনপি আশঙ্কা করছে, সংবিধান সংস্কার হলে প্রধানমন্ত্রীর হাতে থাকা অতিরিক্ত ক্ষমতা কমে যাবে। তাই সরকারি কর্ম কমিশন (পিএসসি), সরকারি চাকরি, বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে তারা ভিন্নমত (নোট অব ডিসেন্ট) দিয়েছে।”


জামায়াতের এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে তাঁর চারপাশের কিছু লোক গণভোটের রায় থেকে বিএনপি সরকারকে ‘পেছনে ও ফ্যাসিবাদের দিকে’ ধাবিত করছে।


বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে জামায়াত সেক্রেটারি বলেন, ‘বিএনপি এক দফায় বলেছে, “আমরা সংস্কার কমিশন করব।” ৩১ দফার নবম দফায় বলেছে, সমস্ত দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ক্ষমতায় গেলে রাষ্ট্রের সরকারি, বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত সমস্ত জায়গায় নিরপেক্ষভাবে যোগ্য লোককে নিয়োগ দেবে তারা। পাঁচ মাসে ক্ষমতায় এসে বিএনপি জেলা পরিষদ, করপোরেশন, বড় বড় বিধিবদ্ধ সংস্থায় সব দলীয় লোককে নিয়োগ দিচ্ছে।’ তিনি যোগ করেন, বিএনপি বলে, ‘জামায়াত মুনাফেকী করছে, বেইমানি করছে।’ এতগুলো কথা দিয়ে কথা না রেখে, জুলাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা—এটাকে মুনাফেকী বলব না, এটাকে কি ঈমানদারী বলব আমরা?’