বিনোদন

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, সবার কাছে দোয়া চাইলেন

detaillogo
ডেস্ক নিউজ
০৩ আগস্ট ২০২৬, ১৬:২৪
PostImage

“আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীর ভালো আছে। সবার কাছে দোয়া চাই। আমার দোয়াও সবার জন্য রইল।”


দেড় বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ইলিয়াস কাঞ্চন।

সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হয়ে ঢাকায় পৌঁছান তিনি। দেশে ফেরার সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীর ভালো আছে। সবার কাছে দোয়া চাই। আমার দোয়াও সবার জন্য রইল।”


ব্রেন টিউমার ধরা পড়ার পর গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের মতে, জটিলতার কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি।


এরপর থেকে তাকে পার হতে হয়েছে দীর্ঘ ও কষ্টদায়ক চিকিৎসাপথ। চিকিৎসকদের কঠোর নজরদারিতে এই সময়ে তাকে মোট ৬০টি কেমোথেরাপি গ্রহণ করতে হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। রূপালী জগতের দীর্ঘ পথচলায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


পাশাপাশি সামাজিক আন্দোলন বিশেষ করে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করেছে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ। তার এই সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোটি ভক্ত ও সহকর্মীরা।