দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার অভিযোগের মধ্যে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি জানিয়েছেন, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
আজহারীর পোস্ট প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটির মন্তব্যে অনেক ব্যবহারকারী নিজেদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। কেউ বিল নির্ধারণ প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানান, আবার কেউ বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।