রাজনীতি

জামায়াত এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, দুপক্ষের সংঘর্ষে আহত ১০

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ১৫:১৯
PostImage

এ সময় গাড়ির কাঁচ ভেঙে যায়। হামলায় গাড়িতে থাকা এমপির চাচা পায়ে আঘাত পান।


কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির কাঁচ ভেঙে যায়। হামলায় গাড়িতে থাকা এমপির চাচা পায়ে আঘাত পান। এছাড়া আমির হামজাও মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গেছে।


শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে জামায়াত-শিবিরের ৭ জন এবং গণঅধিকার পরিষদের ৩ জনসহ মোট ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্যের প্রতিবাদে ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় আমির হামজার গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, ‘আমির হামজা আমাদের গণঅধিকার পরিষদকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন। এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল।’ এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। এ সময় খবর পাই আমার বাবা-মা তুলে আমাকে গালাগালি করছে। আমি সদর থানার ওসিকে কল দিই। তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় ও আমি মাথায় আঘাত পাই।


গণধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, আমি এ বিষয়ে আজকেই মামলা করবো।  কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।