ইরানকে যুদ্ধে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, রণতরী কিংবা কোনো রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।
শনিবার (১৫ আগস্ট) এক বক্তব্যে কাজেম ঘারিবাবাদি বলেন, “হরমুজ কোনো টুইট, রণতরী কিংবা কোনো আদেশের মাধ্যমে দখল করা যাবে না। এমনকি রাজনৈতিক বক্তব্য দিয়েও হরমুজ দখল সম্ভব নয়।”
ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “বাস্তবতা সম্পূর্ণভাবে স্বীকার করে নিন। এখন পর্যন্ত আপনি কৌশলগত ও মারাত্মক পরাজয়ের মুখে পড়েছেন।” তিনি দাবি করেন, পরাজয়ের বাস্তবতা স্বীকার না করা এবং ‘অতিরিক্ত কল্পনা’ বন্ধ না করা পর্যন্ত ইরান হরমুজ প্রণালিতে অবরোধ বহাল রাখবে।
গতকাল রাতে ট্রাম্প এক জনসভায় ট্রাম্প ইরান ও হরমুজ নিয়ে বলেন, “ইরানকে পরাজিত করার পর, যারা খুব খারাপভাবে পরাজিত হয়েছে, আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। আর এটি সত্যি।”
ট্রাম্প আরও বলেন, ইরানের মতো খারাপ দেশকে পরাজিত করার জন্য স্বল্প সময়ের জন্য মার্কিনিদের সামান্য বেশি দামে জ্বালানি কেনা উচিত।