বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের নকশায় বৈচিত্র্য আনা এবং শাড়িতে আধুনিক ও নান্দনিক রং বিন্যাসের দক্ষতা বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় বাংলাদেশ কারুশিল্প পরিষদ ও স্থানীয় জামদানি উদ্যোক্তাদের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় জামদানি শাড়ির নকশার বৈচিত্র্য, রং নির্বাচন ও সঠিক রং বিন্যাসসহ বিভিন্ন বিষয়ে কারুশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রায় ৬০ জন কারুশিল্পী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুর রহমান, ফাইজা আহমেদ, মো. সজিব ও সদস্য রাসেল মিয়াসহ অন্যান্যরা।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪৫ জন সদস্যের নিবন্ধন সম্পন্ন করা হয় এবং তাদের হাতে অংশগ্রহণের সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, জামদানি বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নকশা ও রংয়ের ব্যবহার বাড়ানোর মাধ্যমে এই শিল্পকে আরও আকর্ষণীয় করে তোলা এবং কারুশিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে।