আন্তর্জাতিক

২০২৭ সালের হজে এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াতের সুবিধা

detaillogo
ডেস্ক নিউজ
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৭
PostImage

নতুন একটি প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


হাজিদের হজযাত্রা আরও সহজ ও গোছালো করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন একটি প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

নতুন এই প্যাকেজের আওতায় থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির মাধ্যমেই নেওয়া যাবে। ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি দেওয়া হবে। হাজিরা সৌদি আরবে পৌঁছানোর পর থেকে দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো সময়ে এই সেবার আওতায় থাকবেন।


প্যাকেজের মধ্যে মূলত মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি হাজিরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও বেছে নিতে পারবেন।


নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো সহজেই নিজেদের প্রয়োজন অনুযায়ী হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় হজ প্রোগ্রাম তৈরি করতে পারবে। ১৪৪৮ হিজরি সনের হজ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি সরকারের সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


এ লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি হজ ব্যবস্থাপনা আরও ডিজিটাল, সহজ ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে আধুনিক অনলাইন ব্যবস্থা ব্যবহার করে আসছে।