নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো. বেলায়েত হোসেনের ওপর হামলা ও তাঁকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কালারদরগাহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। হামলায় সোহাগ রনির বোনের স্বামী মামুনসহ কয়েকজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
এক বিবৃতিতে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, একজন সজ্জন ব্যক্তির ওপর এ ধরনের হামলার নিন্দা জানানোর ভাষা তাঁদের জানা নেই। তাঁদের অভিযোগ, পতিত স্বৈরাচারের দোসররা একদিকে নানা ধরনের নাশকতার চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তির ওপর হামলার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান জামায়াতের নেতারা।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।