নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, বানোয়াট সংবাদ প্রকাশ ও চাঁদাবাজির অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মামুরদী ও হরিহরদী গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, ব্যবসায়ী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামুরদী গ্রামের আল আমিন, শাহ জালাল, জাকির, শাহ আলম, গিয়াসউদ্দিন, সাইদ ও শফিকুল এবং হরিহরদী গ্রামের আল আমিন, মাসুম, ডা. সামসুল ও সাখাওয়াতসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেন তাঁরা।
প্রতিবাদ কর্মসূচিতে যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের কয়েকজনও উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তথ্য যাচাই-বাছাই না করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালাচ্ছে। এতে তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
বক্তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বলেন, যথাযথ যাচাই ছাড়াই একটি স্থানীয় অনলাইন পোর্টালে তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাঁদের মতে সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে তাঁরা আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তাঁদের ভাষ্য, আইন ও নীতিমালা অনুসরণ না করে কারও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।