বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে ন্যায্য সুযোগ পাবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্য ও বেতন বৈষম্য দূর হবে এবং সমাজের প্রতিটি নারী নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, হয়রানি ও অবমাননার বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা একটি ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে পারে। ধর্ম, মত ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নারী সম্মান ও সহযোগিতার দাবিদার।
সবশেষে তিনি বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নারী নিরাপদ, সম্মানিত এবং সম্ভাবনাময় ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।
এমআর/