রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নে জনগণের কাছে যাবে বিরোধী দল: শফিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২৬, ১৫:১৩
PostImage

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের যে পথই প্রয়োজন হবে, বিরোধী দল সেই পথেই এগোবে।


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নের যে পথই প্রয়োজন হবে, বিরোধী দল সেই পথেই এগোবে।


বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে ওয়াকআউটের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায়ের প্রতিফলন সংসদের কার্যক্রমে না থাকায় তারা আশাহত হয়েছেন। জনগণের দেওয়া ম্যান্ডেটকে অগ্রাহ্য করার প্রতিবাদেই বিরোধী দল ওয়াকআউট করেছে বলে জানান তিনি।


তিনি বলেন, শুরুতে সরকারি দল ও বিরোধী দল সবাই গণভোটের বিষয়ে একমত থাকলেও পরবর্তীতে জনগণের চূড়ান্ত অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে। এ কারণে জনগণের সম্মান রক্ষায় সংসদ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।


বিরোধীদলীয় নেতা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা আবার জনগণের কাছেই ফিরে যাবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করবেন।


তিনি জানান, সংসদের পাশাপাশি রাজপথেও ১১ দল একযোগে সক্রিয় থাকবে। এ বিষয়ে শিগগিরই শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।


উল্লেখ্য, গণভোটের রায়ের প্রতিফলন না থাকা এবং তা অবমূল্যায়নের অভিযোগ তুলে চলতি অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে অধিবেশনের উদ্বোধনী দিনেও রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল তারা।