বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা অভিযোগ করেছে, সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিকেল সোয়া পাঁচটায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন বৈধ, কিন্তু জনগণের ভোটে সংস্কারকে অবৈধ হিসেবে দেখানো হচ্ছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে সরকার। তিনি সতর্ক করে বলেন, জনস্বার্থের বাইরে গেলে রাজপথ ও সংসদ সব জায়গায় প্রতিবাদ করা হবে।