অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের কথা জানিয়েছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
পোস্টে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফিরে আসার পর তিনি জানতে পারেন, তার ভিসা বাতিল করা হয়েছে। তিনি জানান, ভিসা সংক্রান্ত চিঠিতে উল্লেখ ছিল—তিনি যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন। তাই ভিসার আর কোনো কার্যকারিতা অবশিষ্ট নেই।
তবে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচার হয়েছে, চিঠিতে সে ধরনের কোনো উল্লেখ তিনি দেখেননি বলে জানান। পোস্টে শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিক সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া কিছু ইসলামবিদ্বেষী গোষ্ঠী তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। এ ঘটনায় সম্ভাব্য কারণ হিসেবে তিনি ইঙ্গিত দেন, পূর্বে এক ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিলের ঘটনার পর সৃষ্ট প্রতিক্রিয়ার সঙ্গে বিষয়টির কোনো সম্পর্ক থাকতে পারে কিনা—তা নিশ্চিত নন বলেও উল্লেখ করেন।