দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ কারণে ১৪৪৮ হিজরি সনের মহররম মাস বুধবার থেকে শুরু হবে এবং আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহ আলম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
পবিত্র মহররম ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস। এই মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরার দিনটি মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।