পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে জামাতের সময়সূচি ও ইমামদের তালিকা প্রকাশ করেছে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন কারি ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। মুকাব্বির থাকবেন মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মো. আব্দুল হাদী।
পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। আর বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।
ঈদের জামাতে অংশ নিতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।