৩০ দিন পূর্ণ হয়ে আজ বুধবার শেষ হচ্ছে ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাস। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হবে পবিত্র জমাদিউস সানি মাসের গণনা। সেই হিসাবে পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র তিন মাস।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, জমাদিউস সানির পর আসে রজব, শাবান ও রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে আজ থেকে রমজান শুরু হতে বাকি ৮৯ দিন।
রমজান মাস ৩০ দিনের হলে আগামী ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ২৯ দিনে শেষ হলে ঈদ হতে পারে ৯ মার্চ। সরকারের প্রকাশিত ২০২৭ সালের ক্যালেন্ডারেও রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতরের তারিখ ১০ মার্চ উল্লেখ করা হয়েছে।
এদিকে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কয়েকটি মুসলিম দেশ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কাজাখস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। এর আগের দিন ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন।
হিজরি বর্ষপঞ্জির অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বছরের শেষ দিকে ২৪-২৫ ডিসেম্বরও শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখ উল্লেখ রয়েছে।
তবে কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্ত তারিখে এক দিনের পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান মাস শুরু হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদের চূড়ান্ত তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।
তবে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের তারিখ নিয়ে কাজাখস্তানের প্রকাশিত ক্যালেন্ডার এবং গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে কিছুটা পার্থক্য রয়েছে। তাই চূড়ান্ত তারিখ জানতে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষা করতে হবে।