পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলেটিনে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
হজ বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ২১ হাজার ৯২০ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ৮ হাজার ৩৮০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৩ হাজার ৩১১ জন হাজি। এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে চিকিৎসাসেবা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯ জন বাংলাদেশি হাজির। উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। হজ শেষে দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।