ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে আজ শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১১টা থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
তিনি জানান, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ফরম সংগ্রহের পর তা পূরণ করে আগামী ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। ঘোষিত বণ্টন অনুযায়ী, বিএনপি পাবে ৩৬টি আসন, তাদের মিত্র জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে একটি আসন।
নির্বাচনকে সামনে রেখে দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।