জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া আপাতত অপরিবর্তিত থাকবে। তবে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমে গেলে বাসভাড়াও পুনরায় সমন্বয় করা হবে। তবে রেল ও নৌপথে ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই হার সামান্য বৃদ্ধি পাবে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহণ মালিক সমিতি ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানায়। গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এই মূল্যবৃদ্ধির প্রভাবেই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।