রাজনীতি

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল: গোলাম পরওয়ার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২
PostImage

মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা আজ জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দিচ্ছে, তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে আত্মগোপনে ছিল।


মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা আজ জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে আখ্যা দিচ্ছে, তারাই দীর্ঘ ১৭ বছর বিদেশে আত্মগোপনে ছিল। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও বিএনপির ‘গুপ্ত উপদেষ্টা’ ছিল, যারা পরে মন্ত্রী হয়েছেন।


শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু আর রক্ত দিতে চায় না। তার অভিযোগ, বর্তমান সরকার আবারও কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাকর্মীদের শিক্ষার্থীদের ওপর “হায়েনার মতো লেলিয়ে দেওয়া হচ্ছে” এবং জনগণ এমন শাসন আর মেনে নেবে না।


মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এছাড়া সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ৩৩টি রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও বিএনপি ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত দিয়েছে। তার ভাষ্য, এখন সরকার গণভোটের রায় উপেক্ষা করে সংবিধানের দোহাই দিয়ে পুরোনো শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে।

তারেক রহমান-এর সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন, যদি জামায়াতের ওপর স্বৈরাচারের আত্মা ভর করার অভিযোগ করা হয়, তবে বিএনপি সরকারকেই “ফ্যাসিবাদের ভূতে ধরেছে”। সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের গণভোটের ম্যান্ডেট মূল্যায়ন না করা হলে মানুষ আবার রাজপথে নামবে। তার ভাষায়, “আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। রাজপথে কীভাবে আন্দোলন করতে হয় আমরা জানি।”

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহের বিভিন্ন আসনের সংসদ সদস্য ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।