সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, অধিবেশনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আলোচনা না করে সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করেছে।
রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, প্রথম অধিবেশনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামা ছাড়া বিকল্প থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান-এর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেন নাহিদ।
সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, এককভাবে সংশোধনের সুযোগ থাকায় ক্ষমতাসীন দলগুলো নিজেদের মতো পরিবর্তন আনে। তাই উচ্চকক্ষ গঠন, গণভোটের ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, মাওলানা মামুনুল হক এবং মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।