আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

detaillogo
ডেস্ক নিউজ
০১ জুন ২০২৬, ০৩:৫৯
PostImage

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন নিশ্চয়তা তিনি তেহরানের কাছ থেকে পেয়েছেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন নিশ্চয়তা তিনি তেহরানের কাছ থেকে পেয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩০ মে) এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন তার পুত্রবধূ লারা ট্রাম্প, যিনি ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। পরে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ সাক্ষাৎকারটি সম্প্রচার করে।


সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন একটি গ্যারান্টি আমি চেয়েছিলাম। ভালো বিষয় হলো, তারা এ ব্যাপারে সম্মত হয়েছে।” তবে ট্রাম্পের এই দাবির প্রতিফলন ইরানের সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়নি। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ১ হাজার ২০০ কোটি ডলারের জব্দকৃত অর্থ অবমুক্ত না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না তেহরান।

এছাড়া ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে ট্রাম্প যে দাবি করেছেন, সেটিকেও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন চলছে। ওয়াশিংটনের অভিযোগ, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।