পবিত্র হজ মৌসুম শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। নতুন ওমরাহ মৌসুম উপলক্ষে ইতোমধ্যে ভিসা ইস্যুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৩১ মে) থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা সৌদি সরকারের অফিসিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি ও ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত অনুমতি, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা পাওয়া যাবে। ওমরাহ ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করতে সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে দেশটি।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যুর শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি)। এছাড়া ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ হিসেবে হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর সম্প্রসারণ। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই মৌসুমে আরও বেশি সংখ্যক মুসল্লি সহজ, নিরাপদ ও আধুনিক সেবার মাধ্যমে ওমরাহ পালনের সুযোগ পাবেন।