বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ককটেল ২’ মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। চলতি বছরের অন্যতম ব্যয়বহুল রোমান্টিক সিনেমা হিসেবে বিবেচিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে তার মোট বাজেটের প্রায় ৫০ শতাংশ অর্থ আয় করেছে। সম্প্রতি মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার প্রধান তিন তারকা শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। ট্রেলার প্রকাশের সময় নির্মাতারা জানান, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ডিজিটাল, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য আয় করেছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ককটেল ২’-এর মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি। এর মধ্যে নির্মাণ ব্যয় ৯৫ কোটি রুপি, প্রধান অভিনয়শিল্পীদের পারিশ্রমিক বাবদ ৩৫ কোটি রুপি এবং প্রচার-প্রচারণায় ব্যয় করা হয়েছে ২০ কোটি রুপি। নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ইতোমধ্যে বিভিন্ন স্বত্ব বিক্রির মাধ্যমে প্রায় ৭৫ কোটি রুপি আয় করেছে, যা সিনেমাটির মোট বাজেটের অর্ধেক।
পরিচালক হোমি আদাজানিয়া জানিয়েছেন, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘ককটেল’ সিনেমার সিক্যুয়েল হলেও নতুন চলচ্চিত্রটির গল্প আগের কাহিনির ধারাবাহিকতা নয়। সম্পূর্ণ নতুন গল্প ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন তরুণ জৈন ও লাভ রঞ্জন।
আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ককটেল ২’। বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর বক্স অফিসে বড় ধরনের সাফল্য পেতে পারে সিনেমাটি।