আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধের ঘোষণা ইরানের

detaillogo
ডেস্ক নিউজ
২০ জুন ২০২৬, ১৪:৫৩
PostImage

আন্তর্জাতিক নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান।


যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্কের উন্নতির আশা দেখা দিলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক নৌ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ এনে এ ঘোষণা দেয় দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান যৌথ অপারেশনাল কমান্ড এক বিবৃতিতে জানায়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধ-পরবর্তী সমঝোতা স্মারকের প্রথম ধারা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক কর্মকাণ্ডকেও যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এসব ঘটনার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, নৌবাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরানের এ ঘোষণার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন এই উত্তেজনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির ওপর বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও কূটনৈতিক মহল নিবিড় নজর রাখছে।

সূত্র:প্রেস টিভি, মেহের নিউজ।