মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার অগ্রগতির ফলে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগও কিছুটা কমেছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম সামান্য কমে ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ৭০ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৭৪ ডলারে।
এর আগে সোমবারও তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল। যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় ৬০ দিনের ছাড় দেওয়ার ঘোষণার পর বাজারে এ পরিবর্তন দেখা যায়। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনকারী দুটি ট্যাংকার সফলভাবে এই নৌপথ অতিক্রম করেছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো আস্থার সংকট রয়ে গেছে। ফলে বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল বলা যাচ্ছে না এবং তেলের দাম আবারও ওঠানামা করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির কৌশলগত তেল মজুদের পরিমাণও সম্প্রতি কমেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।
সূত্র: রয়টার্স