আন্তর্জাতিক

একদিনে তিন দেশে শক্তিশালী ভূমিকম্প,বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা

detaillogo
ডেস্ক নিউজ
২৫ জুন ২০২৬, ০৪:২৬
PostImage

ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৬ দশমিক ৯ মাত্রার এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।


বিশ্বের বিভিন্ন অঞ্চলে একদিনে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভেনেজুয়েলায় ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৬ দশমিক ৯ মাত্রার এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

ইউএসজিএসের তথ্যমতে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ট্রুহিলো, কারাবোবো, মিরান্ডা ও লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়ার ঘটনাও ঘটেছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছানোর ৪৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাওয়ারও ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। কারণ, ক্ষতিগ্রস্ত অঞ্চলের অনেক ভবন দুর্বল নির্মাণসামগ্রী দিয়ে তৈরি।

পরিস্থিতির প্রেক্ষিতে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, ক্ষয়ক্ষতির কারণে মাইকেতিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে। অন্যদিকে জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তবে জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি। এদিকে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রেডউড ভ্যালির প্রায় ৭ মাইল উত্তরে। ভূমিকম্পের কম্পন ইউরেকা থেকে স্যাক্রামেন্টো পর্যন্ত বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। উপকেন্দ্রের নিকটবর্তী বাসিন্দারা এটিকে অত্যন্ত শক্তিশালী কম্পন হিসেবে বর্ণনা করেছেন।

ভূমিকম্পের পর মেন্ডোসিনো কাউন্টির প্রায় ৭ হাজার ৪০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। একই সঙ্গে উত্তর ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দাদের মোবাইলে ‘শেকঅ্যালার্ট’ সতর্কবার্তা পাঠানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প সময়ের ব্যবধানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের এ ঘটনা আন্তর্জাতিকভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে এসব ভূমিকম্পের মধ্যে সরাসরি কোনো ভূতাত্ত্বিক সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: সিএনএন, আল জাজিরা ও বিবিসি