রাজনীতি

এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা হাসনাত আবদুল্লাহর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ১৫:০৭
PostImage

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।


নিজের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিরও প্রমাণ দিতে পারলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় ব্যক্তিগত কৈফিয়ত দিতে গিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।


ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ২৭৪ বিধিতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি কখনো নিজের জন্য বরাদ্দ দাবি করেননি। বরং তার বক্তব্য ছিল, তার রাজনৈতিক বক্তব্যের কারণে যেন এলাকার সাধারণ মানুষ কোনো ধরনের বঞ্চনার শিকার না হন। তিনি বলেন, “আমি আমার বক্তব্যের কোথাও বলিনি যে আমাকে বরাদ্দ বঞ্চিত করা হয়েছে বা করা হবে। আমি বলেছি, আমার এলাকার মানুষকে যেন কোনো কারণে বঞ্চিত না করা হয়।”


সংসদে জুলাই-সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আজও আমরা শুনেছি, কেউ কেউ বলছেন আগে রিকশায় চলতাম, এখন গাড়িতে চলি। আমি সরকারদলীয় সদস্যদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, অভিযোগের সুরে অভিযোগ না করে তদন্ত করুন।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সামরিক বাহিনীসহ সব গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থাকে দিয়ে তদন্ত করান। যদি আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি বা কোনো অসৎ উপায়ে অর্জিত সম্পদের প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি জাতীয় সংসদ থেকে ইস্তফা দেব।”


তার এই বক্তব্যের পর সংসদে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে সরকারদলীয় সদস্যদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।