ঢাকাসহ দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ জুন) সকালে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এসব এলাকার কিছু কিছু স্থানে তাপপ্রবাহ কমে আসতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে।
এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে।