আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আদালতে নেওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের দিকে আঙুল উঁচিয়ে কথা বলেন ইনু। একপর্যায়ে ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে তিনি উত্তেজিত হয়ে বলেন, **“হাত ধরবেন না, ভদ্রতা শিখুন।”** পরে তাকে হাসিমুখেই কাঠগড়ায় দাঁড়াতে দেখা যায়।
এদিকে একই মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।