রাজনীতি

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৬, ১৩:১৬
PostImage

জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে


নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, হিন্দু ধর্মাবলম্বী অনেক মানুষও আওয়ামী লীগ সরকারের সময় নিপীড়নের শিকার হয়েছেন। কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হলেও বাস্তবে বাঙালি জাতিকে বিভক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন, নানা ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বী ভোটাররা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, সকলের অংশগ্রহণে বাংলাদেশ গড়ে উঠেছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া হবে না। সভায় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষ বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।