বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্থানীয় সরকার নির্বাচনে সমাজের সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী হিসেবে বাছাই করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মানবিক গুণাবলি, হালাল উপার্জন, সামাজিক গ্রহণযোগ্যতা এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি যে স্তরের কর্মীই হোন না কেন, যোগ্যতার ভিত্তিতেই তাকে দায়িত্ব দেওয়া উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ জামায়াতে ইসলামী বর্তমানে সংসদে ৯০টি আসনে প্রতিনিধিত্ব করছে। জনগণ দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করেছিল এবং সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী কাজ করে যাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দলের মূল লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। দেশের নেতৃত্ব দেওয়ার আগে প্রত্যেককে নিজের চরিত্র ও নৈতিকতা গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার চেতনা জামায়াতে ইসলামীর অন্যতম শক্তি। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘদিনের সুনাম একটি ছোট ভুলের কারণেও নষ্ট হয়ে যেতে পারে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আল্লাহর কিতাব ও মহানবী (সা.)-এর সুন্নাহ আঁকড়ে ধরলেই সঠিক পথে থাকা সম্ভব। তিনি পরিবার ও সমাজে নারীদের যথাযথ সম্মান, সহযোগিতা এবং দ্বীনি কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা।