রাজনীতি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

detaillogo
সিনিয়র রিপোর্টার
০৫ জুলাই ২০২৬, ১১:৩৭
PostImage

ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এটি ডা. শফিকুর রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।


বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সদ্য পাস হওয়া জাতীয় বাজেট এবং বাংলাদেশ-স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

আলোচনায় বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, রোহিঙ্গা সংকটের সম্ভাব্য সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে স্পেন সরকারের অবস্থানেরও প্রশংসা করেন।

স্পেনের রাষ্ট্রদূতও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।