সারাদেশ

মায়ের ধর্ষণের অভিযোগে চার ভাই মিলে যুবককে গলা কেটে হত্যা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২৬, ১৫:০৮
PostImage

ময়মনসিংহ নগরীতে মায়ের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।


ময়মনসিংহ নগরীতে মায়ের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) সকালে নগরীর একটি এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।


নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি প্রায় এক মাস আগে নগরীর ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চার বন্ধুর সঙ্গে বসবাস শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চার বন্ধু সম্পর্কে আপন ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, গত শুক্রবার চার ভাইয়ের অনুপস্থিতিতে তাদের মা বাসায় গেলে তাকে ধর্ষণ করেন রাজিব। পরে অসুস্থ অবস্থায় ওই নারীকে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে চার ভাই রাজিবকে গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


হত্যাকাণ্ডের বিষয়টি স্থানীয়রা জানতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হওয়া ওই নারীর চার ছেলে অভিযুক্ত ব্যক্তিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, রোববার দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।


পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।