রাজনীতি

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২৬, ১৭:২৪
PostImage

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে আহত দুইজনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, পদযাত্রা-পরবর্তী সমাবেশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।