রাজনীতি

ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়লেন আব্দুল্লাহ আল জাবের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৮ জুলাই ২০২৬, ১৫:৪২
PostImage

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।


ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, শহীদ ওসমান হাদীর ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ যাচাই করে প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে আব্দুল্লাহ আল জাবের জানান, শহীদ ওসমান হাদী শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে তিনি জীবদ্দশায় সেই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারেননি।


তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইনকিলাব কালচারাল সেন্টারকে ‘জনতার আমানত’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে গত ছয় মাস ধরে শহীদ ওসমান হাদীর শাহাদাত-পরবর্তী ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টি সমাধানের চেষ্টা চলেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রমের পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যার কিছু এখনো চলমান রয়েছে। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর সম্মান এবং তাঁর ওয়ারিশদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ পর্যালোচনার পর ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তর করা হবে। তিনি তাঁর প্রতি সমর্থকদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন।


আর্থিক হিসাব-নিকাশ প্রসঙ্গে তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ‘ঢাকা-৮’ এবং ইনকিলাব কালচারাল সেন্টার-সংশ্লিষ্ট সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় ওই অংশের হিসাব আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তাঁর দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুত জনসম্মুখে প্রকাশ করা হবে। পোস্টের শেষাংশে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর রেখে যাওয়া ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে তিনি সবার দোয়া কামনা করছেন। একই সঙ্গে তিনি জানান, ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে তাঁর দায়িত্ব ও যাত্রা এখানেই শেষ।