রাজনীতি

দেশ, জাতি ও মানবতার কল্যাণে নৈতিক ও আদর্শিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬, ১১:১৫
PostImage

বাংলাদেশের অন্যতম প্রধান সংকট হলো আদর্শিক ও নৈতিক নেতৃত্বের অভাব।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের অন্যতম প্রধান সংকট হলো আদর্শিক ও নৈতিক নেতৃত্বের অভাব। অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এবং অসৎ সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বের কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারেনি। তিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে নৈতিক ও আদর্শিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রূপগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।


এছাড়া আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তোলার শ্রেষ্ঠ ভিত্তি হলো পবিত্র কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য। এসবের নিয়মিত অধ্যয়ন, অনুশীলন এবং সে অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলার অভাবে বিভিন্ন রাজনৈতিক দলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা জায়গা করে নিচ্ছে। প্রতিনিয়ত দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটলেও চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হচ্ছে না, কারণ আদর্শবান মানুষ গড়ে তোলার কার্যকর কর্মসূচির অভাব রয়েছে। এর বিপরীতে জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে কর্মীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলছে।


তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।