রাজনীতি

সীমান্তে উসকানি দিচ্ছে ভারত, সরকার নীরব: জামায়াত আমির

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ১২:১২
PostImage

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারকে কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিবেশী ভারত সীমান্তে উসকানি দিচ্ছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে। আমরা প্রতিবাদ করছি, জনগণ প্রতিবাদ করছে। শুধু প্রতিবাদ করছে না সরকার।” তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের প্রশংসা করে বলেন, তারা একসঙ্গে সীমান্ত রক্ষায় কাজ করছেন এবং তাদের এই ভূমিকার জন্য অভিনন্দন প্রাপ্য।


সরকারের উদ্দেশে তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের মুখ থেকে একটি শব্দও আসেনি। কার ভয়ে? কাকে খুশি করার জন্য? জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।” গণভোটের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি থেকে তারা সরে আসবেন না এবং গণভোট বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে।


তিস্তা ইস্যুতে তিনি বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকার তিস্তা নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও চলতি বাজেটে এ প্রকল্পের জন্য “১০ টাকারও বরাদ্দ নেই”। তিনি বলেন, “আমরা আর কথার ফুলঝুরি দেখতে চাই না, বাস্তব পদক্ষেপ দেখতে চাই।” তিনি আরও বলেন, বর্তমান সরকার এ বিষয়ে ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করে তিস্তা অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।