শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যেসব শিক্ষার্থীকে ‘ফার্মের মুরগি’ বলা হয়েছে, তাদের আন্দোলনের কারণেই বর্তমান সরকার ও মন্ত্রীরা দায়িত্বে এসেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট বন্ধ করুন।”
তিনি অভিযোগ করেন, বন্যাকবলিত পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়েও সমালোচনা করে বলেন, এতে শিক্ষার্থীদের মানসিক চাপ আরও বেড়েছে। তিনি আরও বলেন, “প্রশ্নপত্রে ভুল থাকার পরও দুঃখ প্রকাশ করা হয়নি। বরং শিক্ষার্থীদের নানা ধরনের মন্তব্যের মুখে পড়তে হয়েছে।”
পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই দেশের রাজনৈতিক পরিবর্তন এসেছে।
বক্তব্যে তিনি খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে অভিযোগ করেন, দীর্ঘ সাত দিন পার হলেও অনেক এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি।
সোনারগাঁয়ের এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ওই ঘটনায় থানায় মুচলেকা দিতে হয়েছে। পথসভায় তিনি সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থন ঘোষণা করেন।